প্রধান উপদেষ্টার চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন, গুজব না ছড়ানোর অনুরোধ

দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে গঠিত এই মেডিকেল টিমে হৃদরোগ বিশেষজ্ঞসহ ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান দেশ রূপান্তরকে এই টিম গঠনের ব্যাপারে নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে মঙ্গলবার রাতে এক বার্তায় উপাচার্য বলেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।'

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য দেশ রূপান্তরকে বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। মাননীয় প্রধান উপদেষ্টার যে কোন জরুরী চিকিৎসায় যাতে কোন বিঘ্ন না ঘটে, সেজন্য এই টিম প্রস্তুত রাখা হয়েছে। যে-কোনো রাষ্ট্র প্রধানের জন্যই বঙ্গবন্ধু মেডিকেলে প্রতিটি বিভাগে এরকম টিম প্রস্তুত করা থাকে আগে থেকেই। এটি প্রধান উপদেষ্টার অসুস্থতাজনিত বা এরকম কিছুই নয়।

বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. মো. মোস্তফা কামাল গত ২১ অক্টোবর এক অফিস আদেশের মাধ্যমে এই টিম গঠন করেন। 
   
অফিস আদেশে বলা হয় - 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর জরুরী চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিইউ-২, বেড নং-২১ সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে।' 

ওই অফিস আদেশের মাধ্যমে গঠিত মেডিকেল টিম প্রধান উপদেষ্টার জরুরি রাত্রিকালীন চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের সাতজন চিকিৎসককে রাখা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা হলেন- ১. কার্ডিয়াক এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাকিল আহমেদ ২. কার্ডিয়াক এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাসানুজ্জামান ৩. কার্ডিয়াক এ্যানেসথেসিয়া বিভাগের আরেক সহকারী অধ্যাপক ডা. নাজির আহসান ৪. আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সেলিম মোড়ল রাব্বি ৫.আইসিইউ বিভাগের আরেক সহকারী অধ্যাপক ডা. আবু তাহের ৬. একই বিভাগের আরেক সহকারী অধ্যাপক ডা. আব্দুল আলীম ৭. আইসিইউ বিভাগের কনসালটেন্ট ডা. দীপঙ্কর চক্রবর্তী।