আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নীলফামারী সদর আমলি আদালত-১-এ মামলাটি করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলার বাদী হলেন মো. লিটন রহমান, তিনি সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা। মামলায় ২০২ জনকে নামীয় আসামি করা হয়েছে। আসামিরা হলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।