রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতরাতে বিক্ষোভকারীদের বঙ্গভবনে প্রবেশের চেষ্টার ঘটনা ও পুলিশ সদস্যদের ওপর হামলার পর থেকে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। বর্তমানে বঙ্গভবনের ফটকের সামনে পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
বঙ্গভবনের প্রধান ফটকের সামনে ব্যারিকেড ছাড়াও আজ বুধবার (২৩ অক্টোবর) দেওয়া কাঁটাতারের বেড়া ও কংক্রিটের প্রতিবন্ধক বসানো হয়েছে।
পাশাপাশি বঙ্গভবনের প্রধান ফটকের সামনে মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি, রয়েছে বহু সংখ্যক এপিবিএন, পুলিশ ও সেনাবাহিনী। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামান ও রায়ট কার।
এদিকে আজ বঙ্গভবনের সামনের সড়কে শিক্ষার্থীদের কোনো সমাবেশ চোখে না পড়লেও মাথায় পতাকা বাধা কয়েকজনকে বসে থাকতে দেখা গেছে। এছাড়া গতকালের উদ্ভূত পরিস্থিতির ঘটনার পর আজ পরিস্থিতি পর্যবেক্ষণে গণমাধ্যমকর্মীদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
বঙ্গভবন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে আজ এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও আজ এখন পর্যন্ত আন্দোলনকারী বা বিক্ষুব্ধ জনতাকে দেখা যায়নি। তবে আমরা সতর্ক আছি। পুলিশের পাশাপাশি এপিবিএন, বিজিবি, সেনাবাহিনীর সদস্য মোতায়ন রয়েছেন।
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল দুপুর থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নেন কয়েকশ বিক্ষোভকারী। রাত সাড়ে ৮টার দিকে তাদের একটি অংশ বঙ্গভবনের সামনের ব্যারিকেড (প্রতিবন্ধক) ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত পৌনে ২টার দিকে বিক্ষোভকারীরা বঙ্গভবন এলাকা ছেড়ে যান।