সত্তরের ঘরে পা রাখতে যাওয়া অনিল কাপুর এখনও যেন তরুণ, দাপটের সঙ্গে করে যাচ্ছেন অভিনয়। আসমুদ্র হিমাচল এখনও তিনি ‘মিস্টার ইন্ডিয়া’। তবে কাজ করার ক্ষেত্রে নিজের মতাদর্শে বিশ্বাসী তিনি। নিজের আদর্শের বিরুদ্ধে গিয়ে কোনও বিজ্ঞাপনে কাজ করতে চান না বলে সম্প্রতি ১০ কোটি রুপির একটি কাজ ফিরিয়ে দিয়েছেন তিনি।
একটি সূত্রে জানা গেছে, পানমশলা বা গুটখার বিজ্ঞাপন করবেন না বলে ১০ কোটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অনিল কাপুর। কারণ, তিনি এমন কোনও পণ্যের প্রচার করতে চান না, যা যুব সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। অনুরাগীদের প্রতি অনিল নিজের দায়বদ্ধতার কথা কখনও ভোলেন না। শুধুমাত্র অর্থ উপার্জনের তাগিদে এমন কোনও পণ্যের বিজ্ঞাপন করতে চান না, জনস্বাস্থ্যের উপর যার প্রভাব পড়তে পারে।
এর আগে অক্ষয় কুমার, অজয় দেবগন থেকে শুরু করে শাহরুখ খানের মতো অভিনেতাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে এ ধরনের পণ্যের বিজ্ঞাপন করার জন্য। অক্ষয় কুমার এর পর আর কখনও এ ধরনের বিজ্ঞাপনে মুখ দেখাবেন না বলেও দাবি করেন। ক্ষমা চান অনুরাগীদের কাছে।
জন আব্রাহামও এই পণ্যের বিজ্ঞাপন করতে অস্বীকার করেন। তিনিও দাবি করেছিলেন, “যারা বিজ্ঞাপন করছেন তাদের বলছি না, তবে নিজের কাছে আমি পরিষ্কার। মৃত্যুর বিপণন করতে পারব না। এটা আমার আদর্শের প্রশ্ন।” শচীন টেন্ডুলকরকেও কোনও দিন কোনো মাদকের বিজ্ঞাপনে দেখা যায়নি।