পাকিস্তানের ৩০তম প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি

পাকিস্তানের ৩০তম প্রধান বিচারপতি হলেন ইয়াহিয়া আফ্রিদি। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাকে নিয়োগ দিয়েছেন। তিনি বর্তমান প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার স্থলাভিষিক্ত হবেন।

জিও নিউজ জানিয়েছে, বুধবার (২৩ অক্টেবার) প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বিচারপতি আফ্রিদিকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি আফ্রিদিকে সংবিধানের ধারা ১৭৫এ(৩), ১৭৭ এবং ১৭৯ অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিচারপতি নিয়োগের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি বিচারপতি আফ্রিদির মনোনয়ন চূড়ান্ত করে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই মনোনয়ন দেওয়া হয়। পরে কমিটি তার সুপারিশ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠায় এবং প্রেসিডেন্ট তা অনুমোদন করেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি নিয়োগের এই পদ্ধতি প্রথমবারের মতো বিতর্কিত ২৬তম সাংবিধানিক সংশোধনী বিল কার্যকর হওয়ার পরে গৃহীত হয়েছে। নতুন নিয়মে সুপ্রিম কোর্টের তিনজন জ্যেষ্ঠ বিচারকের মধ্য থেকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিশেষ সংসদীয় কমিটির সুপারিশে প্রধান বিচারপতি নিয়োগের বিধান করা হয়েছে।

কমিটিতে সংসদের সব রাজনৈতিক দলের সদস্যদের অংশগ্রহণ রয়েছে। বিরোধী ও ক্ষমতাসীন উভয়পক্ষের সিনেটর ও জাতীয় পরিষদের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। তবে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিশেষ সংসদীয় কমিটির বৈঠকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়।

গত সপ্তাহে বিতর্কিত বিচারিক সংস্কার বিলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস করায় ক্ষমতাসীন জোট। বিলের পক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট পাকিস্তানি সংসদের নিম্নকক্ষে ২২৫ এবং উচ্চকক্ষে ৬৫ ভোট পড়ে। তবে শুরু থেকেই এই সাংবিধানিক পরিবর্তনের বিরোধিতা করে আসছে পিটিআই। এমনকি ক্ষমতায় গেলে এই আইন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।