জন্মদিনে সিনেমার ঘোষণা প্রভাসের

‘বাহুবলী’ সিনেমা দিয়ে রীতিমতো বাজিমাত করা প্রভাসের ক্যারিয়ার চলছে ভালো-মন্দের মিশেলে। একের পর এক বিগ বাজেটের সিনেমাতে সুযোগ পেলেও চরমভাবে তা ব্যর্থ হয়েছে। সহসাই ভাগ্য তার সহায় হচ্ছে না যেন। তবে দমে যাননি এই তারকা। নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন।

আজ এই দক্ষিণী সুপারস্টারের জন্মদিন। বিশেষ এই দিনে দিলেন নতুন সিনেমার ঘোষণা। মারুথি পরিচালিত এই তেলেগু ছবির নাম ‘রাজাসাব’। ফেসবুক পেজে ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে জানিয়েছেন মুক্তির তারিখও। তা থেকে জানা যায়, ‘রাজাসাব’ হয়ে প্রভাস বড় পর্দায় আসবেন ২০২৫-এর ১০ এপ্রিল।

পোস্টারে প্রভাসকে একদম রাজার বেশেই দেখা যাচ্ছে। সিংহখচিত রাজ সিংহাসনে চুরুট মুখে দৃঢ় প্রত্যয়ী ভঙ্গিতে এক পায়ের ওপর আরেক পা তুলে বসে আছেন এই সুপারস্টার নায়ক। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে নতুন ছবির প্রতি ভালোবাসা জানাতে কার্পণ্য করেনি।

Prabhas-rajasaab 2

প্রভাসের ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ সিনেমাটি। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটির আয় ১ হাজার ৮১৪ কোটি রুপি। সিনেমাটি ভারতে অলটাইম ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে।

চলতি বছর মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র বাজেট ৫৫০ কোটি রুপি। সিনেমাটির আয় ১ হাজার ৫০ কোটি রুপি। আয়ে দুই নম্বরে রয়েছে সিনেমাটি। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এই তালিকায় তিন নম্বরে রয়েছে। ১৮০ কোটি বাজেটের এই সিনেমার আয় ৬৩২ কোটি রুপি। 

গত বছরের বক্স অফিসের আলোচিত সিনেমা ‘সালার’। সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি। বক্স অফিসে আয় ৬২৩ কোটি রুপি।