ভবনের পাঁচতলায় দুর্গন্ধ, তালা ভেঙে মিলল প্রবাসীর স্ত্রীর লাশ

কুমিল্লার হোমনায় দুর্গন্ধের সূত্র ধরে লাইমা আক্তার নামে প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড সংলগ্ন জাহাঙ্গীর আলমের ভবনের পাঁচতলার একটি ইউনিটে এ ঘটনা ঘটে। 

ওই ইউনিট থেকে দুর্গন্ধ বের হলে ভবনের বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনার দিন বিকালে পুলিশ লাশ উদ্ধার করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিকাল ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই হাসপাতাল রোডে জাহাঙ্গীর আলমের বাড়ির পাঁচতলার একটি ইউনিট থেকে দুর্গন্ধ আসছে। আমি তাৎক্ষণিক অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে বাসার তালা ভেঙে ভাড়াটিয়া লাইমা আক্তারের (২২) মরদেহ উদ্ধার করি। এ বিষয়ে এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম বলেন, লাইমা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। এক বছর পূর্বে তারা স্বামী ও স্ত্রী পরিচয়ে আমার বাড়ির পাঁচতলায় ভাড়া নেয়। এর বেশি কিছু আমি জানি না।