সতীর্থদের ‘টিকটক’ করতে বলে পোস্ট মুছলেন সাবিনা

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের মাঝপথে বাংলাদেশ ফুটবল দলে আলোচনায় ‘টিকটক’! ভিডিও শেয়ারিংয়ের এই বিতর্কিত অ্যাপ নিয়ে খেলোয়াড়দের আগ্রহের বিষয়ে অভিযোগ করেছিলেন কোচ বাটলার। এরপর অধিনায়ক সাবিনা খাতুনের ফেসবুক পেইজে এ বিষয়ে একটা পোস্ট দেখা যায়। পরে সেটা মুছেও ফেলেন।

ঘটনার শুরু পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া ম্যাচের পর। ফুটবলার মনিকা চাকমা বোমা ফাটান যে, কোচ বাটলার নাকি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না, তাদের মাঠে নামাতে চান না, মনিকার এমন বক্তব্য ঝড় তোলে ফুটবল অঙ্গনে। ইংলিশ কোচ বাটলারও পাল্টা দিয়ে বলেন, খেলার চেয়ে টিকটকেই বেশি মনোযোগ খেলোয়াড়দের।

এরপর গতকাল বুধবার ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর অধিনায়ক সাবিনার অফিশিয়াল ফেসবুক পেইজে একটা পোস্টে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’

খেলা শেষ হওয়ার সাথে সাথেই সাবিনার পেইজের এডমিন এই পোস্টটি দেন। সাবিনা তখনো মাঠে। পরবর্তীতে পোস্টটি তার নজরে আসতেই সেটি মুছে দিয়ে সাবিনা নতুন করে লিখেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার পেজ থেকে পূর্বে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি একজন অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। আমি খেলা শেষ করে টিম হোটেলে আসার পূর্বেই স্ট্যাটাসটি প্রকাশ করা হয়। যা আমার দৃষ্টিতে আসা মাত্রই ডিলিট করেছি।’

‘আপাতত আমরা একটা প্রতিযোগিতায় আছি এবং সেটিতেই মনোযোগ দিতে চাই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সব নেগেটিভ নিউজ বা মতামত টুর্নামেন্ট শেষে শেয়ার করুন। এই মুহূর্তে আমাদের সবার জন্য দোয়া এবং সমর্থন করুন। এই দল সিনিয়র জুনিয়র সবকিছুর ঊর্ধ্বে। আমরা সবাই এখন বাংলাদেশ। সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। শুভরাত্রি।’

পরবর্তীতে অবশ্য এই পোস্টটিও মুছে দেন সাবিনা!