ফেনী জেলার সদর সাব রেজিস্টার অফিসে ‘দিনে ঘুষ পাচ লাখ টাকা’ শীর্ষক সংবাদ গত ১৪ অক্টোবর দৈনিক দেশ রূপান্তরের শেষ পাতায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে জেলার সদর সাব রেজিস্টার অফিসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এক সদস্য বিশিষ্ট একটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক মো. নুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা রেজিস্টার মহসীন আলমকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
গত ১৭ অক্টোবর তারিখে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গত ২২ অক্টোবর তিনি গ্রহণ করেন। এ ব্যাপারে তিনি সার্বিক সহযোগিতার জন্য দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মো. শফিউল্লাহর সাথে যোগাযোগ করেন।
প্রকাশিত সংবাদে মন্ত্রী ও সচিবের নামে এখনো ‘উপরি’ তোলেন ফেনী সদর উপজেলার সাব রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার। জায়গা-জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ যেকোনো কিছু রেজিস্ট্রেশন করতে হলে সরকার নির্ধারিত ফি ছাড়াও বাড়তি অর্থ দিতে হয় গ্রাহককে। তা না হলে জমি কেনাবেচায় নানা অজুহাতে সকলকে পোহাতে হয় দুর্ভোগ। রেজিস্ট্রেশনের জন্য মাসের পর মাস ঘুরতে হয়। এমন চিত্র ফেনীর সবকটি সাব রেজিস্ট্রার অফিসের। এ সব নিয়ে ১৪ অক্টোবর দৈনিক দেশ রূপান্তরে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়।