প্রেম, বিয়ে, বিচ্ছেদের কারণে বরাবরই খবরের শিরোনামে উঠে আসে পরীমণির নাম। কাজ ছাপিয়ে ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচনায় থাকতে দেখা যায় তাকে। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।
এদিকে গতকাল ছিল অভিনেত্রীর জন্মদিন। পরীর জন্মদিন মানেই বিশেষ কিছু, বড় পরিসরের উদযাপন। যেখানে ঝলকে পড়ে পরীর উচ্ছলতা। তারকাদের নিয়ে বসে জমজমাট আসর। তবে এবার একদমই সাদামাটাভাবে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন পরী।
গত দুই বছর বিশেষ এই দিনে তেমন কোনো আয়োজন দেখা যায়নি পরীর। কারণ পরীর সবচেয়ে আপনজন তার নানা শামসুল হক গাজী। পরী আগেই জানিয়েছিলেন জন্মদিনের কেকটা প্রিয় নানার হাতেই কাটেন তিনি। গত বছরের ২৪ নভেম্বর তার নানা প্রয়াত হলে এরপর থেকে জন্মদিনে তেমন কোনো আয়োজন থাকে না পরীর। সে কারণে এবারের জন্মদিনটি সন্তান, ঘনিষ্ঠ কিছু বন্ধু ও সহকর্মীদের সঙ্গেই কেক কেটে উদযাপন করেছেন অভিনেত্রী।
ফেসবুক লাইভে পরী বলেছেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন উদযাপন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানাভাই ছাড়া আমি বড্ড একা। প্রতি বছর নানু ভাইয়ের হাত ধরেই আমি কেক কাটতাম; কিন্তু নানু ভাইতো আর এখন নেই।’
তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম এই দিনে যান্ত্রিক শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব; কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্ত আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে আমার ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’
এদিকে আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে পরীর প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান।