বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ হৃদয় তারুয়া তন্ময়ার বোন মিতু তারুয়াকে লাইব্রেরি এটেন্ডেন্ট হিসেবে চাকরি দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম তার কার্যালয়ে ডেকে এনে মিতু তারুয়ার হাতে নিয়োগপত্র তুলে দেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের একটি স্থায়ী পদ। মিতুকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
পবিপ্রবির উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন হৃদয় তারুয়া। সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেটে কোটা সংস্কার আন্দোলনকারীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। হৃদয় তারুয়ার বোনকে আমরা বিশ্ববিদ্যালয় চাকরি দিতে পেরে মনে শান্তি পাচ্ছি।
হৃদয় তারুয়ার মা অর্চোনা তারুয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, আমরা কোনোদিন এই ঋণ শোধ করতে পারব না। আজ আমার মেয়ে চাকরি পেয়েছে কিন্তু আমরা মনে করব আমার ছেলেই হৃদয় তারুয়া চাকরি করছে। হৃদয় তারুয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার মুনসেফ পাড়ায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস এম হেমায়েত জাহান, ডিন মো. জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।