ম্যাচের প্রথম দিন থেকেই পুনের উইকেট যেন ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠেছে! এই উইকেটে কিউইদের প্রথম ইনিংস আড়াইশ রানের আশেপাশে গুটিয়ে দেওয়া ভারত নিজেরাও পড়েছে বিপদে। স্বাগতিকরা প্রথম ইনিংসে তুলতে পেরেছে মাত্র ১৫৬ রান। ৭ উইকেট শিকার করেছেন মিচেল স্যান্টনার।
কিউইদের প্রথম ইনিংসে ৫৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর। তার সেই অর্জনের ঘোর না কাটতেই বল হাতে ভয়ংকর হয়ে উঠলেন স্যান্টনার। উইকেটের জবাব দিলেন উইকেট শিকার করে। ভারতের প্রথম ইনিংস গুঁড়িয়ে দেওয়ার পথে ১৯.৩ ওভার বল করে ১ মেডেনসহ ৫৩ রানে নিয়েছেন ৭ উইকেট। টেস্টে এটা তার ক্যারিয়ারসেরা বোলিং।
ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে পেরেছে মাত্র ৪৫.৩ ওভার। ফিফটির তো প্রশ্নই আসে না। সর্বোচ্চ ৩৮ রান এসেছে অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা রব্যাট থেকে। ৩টি চারের সঙ্গে দুটি ছক্কাও মেরেছেন ‘জাড্ডু’। এছাড়া জশস্বী জয়সোয়াল আর শুবমান গিল ৩০ রান করে সংগ্রহ করেন। দলের দুই ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা ‘ডাক’ মারেন আর বিরাট কোহলি করেন ১ রান। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে কিউইরা।