একটা ক্রিকেট ম্যাচে ব্যাটিং ধস কতটা ভয়াবহ হতে পারে, সেটাই যেন দেখিয়ে দিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দেশটির ঘরোয়া ওয়ানডে কাপে তাসমানিয়ার বিপক্ষে তাদের ১ রানের মধ্যে ৮ উইকেটের পতন হয়েছে! ২ উইকেটে ৫২ রান থেকে মুহূর্তেই ৫৩ রানেই অল-আউট হয়ে গেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
পার্থে অনুষ্ঠিত ম্যাচটিতে টুর্নামেন্টের গত তিনবারের চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যান মিলে করেন ৪৪ রান। পরের সাত ব্যাটসম্যানের সবাই ফেরেন শূন্য রানে। অতিরিক্ত থেকে আসে ৯ রান। এর মাঝে ৫২ থেকে ৫৩ রানের মাধ্যেই ৮ উইকেট পড়েছে। এসময় একটি রান হয়েছে ওয়াইড বল থেকে।
ক্যামেরন বেনক্রফটকে (১৪) দিয়ে ধসের সূচনা হয়। এরপর একে একে বিদায় নেন জশ ইংলিস, অ্যাশটন টার্নার, কুপার কনোলি, হিল্টন কার্টরাইট, অ্যাশটন অ্যাগার, জাই রিচার্ডসনের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা।
৫২ রানে ৫ উইকেট পতনের পর বোলার বিলি স্ট্যানলেক ওয়াইড দিলে একটি রান যোগ হয়। এরপর কোনো রান না করেই আউট হন আরও তিন ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর এটি।