মুখ বেঁকে যাচ্ছে আলিয়ার? ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী

এক দশক আগে বলিউডে অভিনয়ের যাত্রা শুরু করেন আলিয়া ভাট। এখন তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা। নানা ইস্যুতে বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী। তাকে নিয়ে সবচেয়ে বড় গুঞ্জন তিনি অস্ত্রোপচার করে চেহারা বদলেছেন। এ নিয়ে বিতর্ক চলছে বহুদিন।

কখনও বলা হয়েছে, আলিয়া অস্ত্রোপচারের মাধ্যমে গালের অতিরিক্ত চর্বি বাদ দিয়েছেন। কখনও বলা হয়েছে, নাকে অস্ত্রোপচার করিয়েছেন। সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয়, অস্ত্রোপচার করতে গিয়ে আলিয়া আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। সে কারণেই কথা বলার সময়ে মুখ এক দিকে বেঁকে যায়।

এবার এসব দাবির বিরুদ্ধে মুখ খুলেছেন আলিয়া। নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন তিনি। লিখেছেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু এটা কী হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গেছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে।’

তিনি লেখেন, ‘আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এই সব! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’

আলিয়া আরও লেখেন, ‘এই দাবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোনও প্রমাণ নেই। যুক্তি নেই। তারচেয়েও খারাপ হলো, অল্পবয়সী ছেলেমেয়েদের এই সব আবর্জনার মতো মিথ্যা তথ্য দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? সব ভিত্তিহীন।’