সৌন্দর্যে জয় করেছিলেন দেশের শোবিজ। দেশের সেরা সুন্দরী হয়ে এই মাধ্যমে যাত্রা করেছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। শুরু করেছিলেন বড় পর্দায়। আরফিন শুভর সঙ্গে ইতিমধ্যে তিনটি চলচ্চিত্রে কাজ করেছেন। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ শুরু করার কথা ছিল। শিডিউল জটিলতার কারণে সে কাজ করা হয়নি। তবে এবার ঐশীকে পাওয়া যাবে নতুন একটি চলচ্চিত্রে। এই চলচ্চিত্রের নাম যাত্রী। ছবি প্রসঙ্গে কথা বলতেই ঐশী জানালেন তার কাজের বিস্তারিত।
বললেন, ‘আসলে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার একটি বড় প্রজেক্ট করার কথা ছিল। ছবিটির চুক্তি হয়েছিল গত বছর, কিন্তু এখনো সেই ছবির কাজ শুরু করা যাচ্ছে না।’ কেন শুরু করা যাচ্ছে না? এ বছরই ওই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল, আর ঐশীর নায়ক রয়েছেন ভারতের। এ বিষয়ে খোলামেলা না বললেও ঐশীর ভাষ্য, ‘এ বছরই ছবিটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু দেশের এমন পরিস্থিতিতে কাজটা আটকে গেল। তা ছাড়া, শুটিং ভারতে হওয়ার কথা। ভিসা দেওয়া হচ্ছে না এখন। তাই আমারও ভারত যাওয়া হচ্ছে না। এসব জটিলতার নিরসন হলেই ছবিটির কাজ শুরু হবে। আপাতত আমাকে নতুন ছবি নিয়ে ভাবতে হচ্ছে।’
নতুন ছবিটির জন্যও কিছুটা অপেক্ষা করতে হচ্ছে ঐশীকে। কেননা এই ছবিটি শহরকেন্দ্রিক জীবনের যেখানে শীতের একটা ‘ভাইব’ তুলে আনতে হবে ক্যামেরা এমনটাই বলছেন ঐশী। আলোচিত এই অভিনেত্রী বললেন, এই ছবির গল্পের প্রয়োজনে শীতকাল প্রয়োজন। তার মানে এই নয় যে, গল্পটা গ্রামের কিংবা গ্রামীণ শীতের প্রয়োজন। আসলে গল্পটা শহরেরই, শহরের শীতকাল থাকতে হবে। এজন্য আমাদের পরিচালক বলেছেন, গভীর শীতের জন্য অপেক্ষা করতে।
চলচ্চিত্রের পাশাপাশি ঐশী এখন ব্র্যান্ড প্রমোশন ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত, ব্যস্ত রয়েছেন ফটোশুট নিয়েও; এই ব্যস্ততার মধ্যেও একটি সুপ্ত ইচ্ছের কথা জানালেন। ঐশী বললেন, চলচ্চিত্রের কাজের এই ফাঁকে যদিও আমি ব্র্যান্ড প্রমোশন, ফটোশুট নিয়ে ব্যস্ত, তবে আমার ইচ্ছে রয়েছে ওয়েব ফিল্মে। ওটিটি দুনিয়ার এখন খুবই ভালো অবস্থা। আমার ইচ্ছে রয়েছে কাজ করার। যদিও এর আগে কয়েকটি ওয়েব ফিল্মের অফার ছিল, কিন্তু সেসব করা হয়নি। এখন করব, তবে গল্প আমার ভালো লাগতে হবে।
শাকিব খানের সঙ্গে একসময় অভিনয় করার কথা থাকলেও সেটা করা হয়ে ওঠেনি। এর কারণ সম্পর্কে ঐশী বললেন, শাকিব ভাইয়ের সেই সিনেমায় যখন নায়িকার দরকার ছিল, তখন আমি ব্যস্ত ছিলাম আমার অন্য একটি সিনেমার কাজে। আর শাকিব ভাইয়ের ওই ছবিটির তখনই প্রয়োজন ছিল, ফলে আমার সঙ্গে শিডিউল মেলেনি। সেজন্য করা হয়নি। তবে সামনে তো ইচ্ছে রয়েছে, দেখি ব্যাটে বলে মিললে করব। কারণ দেশের এত বড় একজন নায়কের সঙ্গে কাজ কেন কব না বলেন।