ইয়াশ রাজ-ধর্মা পারিশ্রমিক কম দেয়

বলিউডের দুই প্রভাবশালী প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ও ধর্মা। একটির মালিক জনপ্রিয় পরিচালক করণ জোহর, অপরটির আদিত্য চোপড়া। তবে বড় প্রযোজক হলেও তারা অভিনেতাদের কম টাকা দেয় বলে জানিয়েছেন অভিনেতা বিক্রম কাপাডিয়া।

এই অভিনেতা বলেছেন, এসব বড় স্টুডিও তাদের ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে অভিনেতাদের ব্যবহার করে। তারা মনে করে অভিনেতাদের যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে তা কম হলেও খুশি হওয়া উচিত। কারণ ক্যারিয়ার গঠনের জন্য তাদের বিকল্প নেই। বিশেষ করে নতুন অভিনেতাদের তারা শোষণ করে থাকে। আমি মনে করি, তারা সবার সঙ্গেই এটা করে।

কিছুদিন আগে করণ জোহর বলিউডে বেশি পারিশ্রমিক নেওয়ার নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেন, সিনেমার মার্কেট, খরচ এসব বুঝে অভিনেতাদের পারিশ্রমিক চাওয়া উচিত।

বিক্রম মেড ইন হেভেন, যোদ্ধা, দ্য নাইট ম্যানেজার এবং দ্য আর্চিসের মতো সিনেমায় কাজ করেছেন। ইয়াশ রাজ-ধর্মা দুটো সংস্থার সঙ্গেই সিনেমা করেছেন তিনি। অভিনেতার দাবি, দুই প্রযোজনা সংস্থার ‘ইগো’ আছে। তবে তারা পারিশ্রমিক দিতে দেরি করে না। এমনকি লেখক হিসেবে তিনি ভালো পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানান।