বর্তমান সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা চেয়ে রিট

অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশনা দিতে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে জুলাই-আগস্ট বিপ্লবে জীবন উৎসর্গকারীদের মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করে গেজেট প্রকাশের নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে। গত ২৩ অক্টোবর মোফাজ্জল হোসেন নামে একজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির এ আবেদনটি করেন। গতকাল শুক্রবার ব্যারিস্টার শাহরিয়ার কবির বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন। আগামীকাল রবিবার হাইকোর্টের এখতিয়ারসম্পন্ন একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি। রিট আবেদনকারী যুক্তি তুলে ধরে বলেন, “সংবিধানে অন্তর্বর্তী সরকার বলতে কিছু নেই। ৫ আগস্ট বিপ্লবের পর সরকার গঠিত হয়েছে ‘ডকট্রিন অব নেসেসিটি’র ভিত্তিতে। অন্যদিকে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলায় আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে। ফলে ভবিষ্যতে সাংবিধানিক ও অন্যান্য জটিলতা এড়াতে এ সরকারকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করা জরুরি।