মৎস্য উপদেষ্টা বললেন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরে দুষ্কৃতকারীরা

ছাত্রলীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার নিষিদ্ধ করেছে এবং নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে ইলিশ মাছ ধরছে তারা জেলে না তারা দুষ্কৃতকারী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। গতকাল শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার ব্র্যাক সিডিএমএ মিলনায়তনে আয়োজিত তিনদিনব্যাপী মহিষ নিয়ে এশিয়ান বাফালো কংগ্রেস সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধর ব্যাপারে পরিকল্পনা হয়নি। ছাত্রলীগ সবসময় সন্ত্রাসী কার্যকালাপে লিপ্ত ছিল, যদি তারা ভালো রাজনীতিতে থাকত তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ হতো না। তারা নিজেরা আইন ভঙ্গ করেছে, আইন হাতে তুলে নিয়েছে, তাই নিষিদ্ধ করা হয়েছে, এ ছাড়া কোনো উপায় ছিল না।

অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে ইলিশ মাছ ধরছে তারা জেলে নয়, তারা দুষ্কৃতকারী। তারা ব্যবসা না করে মুনাফা চায়, এজন্য ইলিশ মাছ ধরছে। নদীতে মাছ না ধরতে সরকার কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যে অবৈধ অনেক কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলেরা জানে তারা জীবীকার সঙ্গে জড়িত, তারা মাছ না ধরে আইন মেনে চলছে।

ফরিদা আখতার আরও বলেন, দেশে অনেক চর অঞ্চল আছে সেই চর অঞ্চলে মহিষ পালনে সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। মহিষের মাংসের অনেক চাহিদাও বেড়েছে। দেশে গরুর মাংস বিক্রিতে অনেক রকম কারসাজি আছে দামটা ঠিক করে নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য সরকার কাজ করছে শুধু মাংস না অন্যন্য প্রাণিজ ও আমিষসহ সব খাদ্যে দাম নিয়ন্ত্রণে আনার দরকার।