মায়ামির জয়ে এবার পার্শ্বনায়ক মেসি

এমএলএসের প্রথম প্লে অফে গোল পেলেন না লিওনেল মেসি। যদিও আগের দুই ম্যাচে হ্যাটট্রিকের পর সবার চোখ ছিল তার ওপর। তবে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার তারকা। আর তার দল ইন্টার মায়ামি আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জিতেছে ২-১ গোলে। এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি।

মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে খেলা শুরুর দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এরপর প্রতিপক্ষের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে তারা। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে ব্যবধান আরও বাড়ত। ২৬ মিনিটে মেসির আরেকটি শট ঠেকিয়ে দেন গোলকিপার। 

৩৯ মিনিটে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পরর৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। তবে ৬০ মিনিটে মায়ামি পায় কাঙ্ক্ষিত গোল। বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশ্য। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

বেস্ট অব থ্রি সিরিজের দ্বিতীয় ম্যাচে আটলান্টার মাঠে ৩ নভেম্বর খেলবে মায়ামি। ওই ম্যাচও জিতলে কনফারেন্স সেমিফাইনালে পৌছাবে মেসিরা।