ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে তাৎক্ষণিক যা জানা গেল

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের হামলার পাল্টা জবাবে এ হামলা চালালো ইসরায়েল। এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তেহরানের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানা যায়। 

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। যে কোন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত।

ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের বরাতে জানা যায়, হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে ছিলেন।

ইরানি মিডিয়া জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কোনো সামরিক সাইটে হামলার ঘটনা ঘটে নি।

ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

হামলার বিষয়ে ইরানের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এবং ইরানের কর্মকর্তারা জানিয়েছেন এ বিষয়ে তারা তদন্ত করছেন। হামলার স্কেল এবং সঠিক লক্ষ্যবস্তু অস্পষ্ট রয়ে গেছে।