আসন্ন বিপিএল উপলক্ষে ঢাকা ক্যাপিটালসের কোচ হয়েছেন খালেদ মাহমুদ সুজন। শুরুতে বিদেশি কোচ আনার কথা শোনা গেলেও বিপিএল ইতিহাসের অন্যতম সফল দেশি কোচের ওপরেই ভরসা রেখেছেন ঢাকা ক্যাপিটালস মালিক চিত্রনায়ক শাকিব খান। আনুষ্ঠানিক চুক্তির পর দল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সুজন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তথা সাবেক বিসিবি পরিচালক সুজন দীর্ঘদিন ধরেই কোচিং করাচ্ছেন। জাতীয় দলেও বেশ কয়েকবার অন্তর্বর্তী কোচের দায়িত্বে ছিলেন। দেশের অনেক শীর্ষস্থানীয় ক্রিকেটার তুলে আনার কারিগরও তিনি। তাই এই কোচের অভিজ্ঞতা, মেধা আর জ্ঞান এবার কাজে লাগাতে মরিয়া ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
চুক্তি সাক্ষরের পর গণমাধ্যমকে সুজন বলেছেন, ‘এটা অনেক বড় দায়িত্ব। আমি বিশ্বাস করি, আমারও শতভাগ চেষ্টা থাকবে দলকে এগিয়ে নেওয়ার। পরিকল্পনা বাস্তবায়ন করা খুব জরুরী। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এমন একটা দল পেয়ে আমি খুবই খুশি। বিদেশি কয়েকজন ভালো ক্রিকেটারও নেওয়া হয়েছে যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট। আমি বিশ্বাস করি এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। দেখা যাক কতটুকু ভালো করতে পারি।’
শিরোপার লড়াইয়ে অবশ্য মোটামুটি ভারো দলই পাচ্ছেন সুজন। শাকিব খানের দলে খেলবেন- স্টিভেন এসকিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিমরা। এছাড়া হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, পাকিস্তানের তরুণ সেনসেশন সাইম আইয়ুব আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল ও শাহাদাত হোসেন প্রমুখ।