ছাত্রলীগকে মিটিং-মিছিল করতে দেওয়া হবে না: আইজিপি

অতীত কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা মিটিং-মিছিলসহ যেকোনো কার্যক্রম চালালেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুরে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

পুলিশপ্রধান বলেন, ছাত্রলীগ আর কখনও মিটিং-মিছিল করতে পারবে না। তাদের মিটিং-মিছিল করতে দেওয়া হবে না। ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে। তাই ছাত্রলীগ আর কখনো বাংলাদেশে কোথাও একত্রিত হয়ে মিটিং-মিছিল করতে পারবে না।

তিনি বলেন, কতিপয় বিপথগামী সদস্যের জন্য পুলিশ বিভাগ সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় থাকা ২১ পুলিশ সদস্যকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। বিপথগামী সকল সদস্যকে আইনের আওতায় আনা হবে।

সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মা মনোয়ারা বেগম।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পুলিশপ্রধান। পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে তিনি আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।