ইপিলিয়ন ফাউন্ডেশনের বার্ষিক স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত

ইপিলিয়ন ফাউন্ডেশনের বার্ষিক স্কলারশিপ প্রোগ্রামের অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের নাবিগঞ্জে অবস্থিত রিয়াজ পাবলিক স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ বছর নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ২১টি স্কুল থেকে ১২০০-এর বেশি শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করে, যাদের মধ্যে ১১৬ জনকে বাছাই করা হয় পরীক্ষার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৫০ জন মেধাবী শিক্ষার্থী পাবেন ৬,০০০ টাকা বৃত্তি।

ইপিলিয়ন ফাউন্ডেশন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে শিক্ষার প্রসার, পরিবেশ সচেতনতা, এবং শিশুদের শিক্ষা অধিকারে বিশ্বাসী। এই স্কলারশিপ প্রোগ্রামটির মাধ্যমে আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জেনারেল নলেজ (জিকে) অলিম্পিয়াড, যেখানে তারা নিজেদের জ্ঞান এবং দক্ষতার পরিচয় দেয়। দিনটি আরও রঙিন হয়ে ওঠে ফুড ফেস্ট এবং বই মেলার মাধ্যমে, যা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ফাউন্ডেশনের স্টেকহোল্ডারদের মধ্যে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি করে।

এতে উপস্থিত ছিলেন প্রতিটি অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক, ইপিলিয়ন ফাউন্ডেশনের স্টেকহোল্ডার এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ, যারা সবাই শিক্ষার্থীদের উৎসাহ দিতে একত্রিত হন।

ইপিলিয়ন ফাউন্ডেশন বাংলাদেশে শিক্ষা ও পরিবেশগত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। যুব সমাজের পাশে থেকে ভবিষ্যৎ গড়ার পথে ফাউন্ডেশন দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।