বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের সহ-সভাপতি পদে জিততে পারেননি দুই সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১২৮টি। পাঁচজন কাউন্সিলর ভোট দিতে আসেননি।
সহ-সভাপতি পদে প্রাথী ছিলেন মোট ছয়জন। এর মধ্যে যশোরের শামস-উদ-হুদা ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী সর্বোচ্চ ১১৫ ভোট পেয়ে এক নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
দেশের অন্যতম সেরা প্লে-মেকার হিসেবে পরিচিতি সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির ৬৬ ভোট হয়ে পঞ্চম হয়েছেন। আর গত নির্বাচনে সভাপতি প্রার্থী হয়ে মাত্র এক ভোট পাওয়া সাবেক ফুটবলার ও জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ৪২ ভোট পেয়েছে ছয়জনের মধ্যে ষষ্ঠ হন।
লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী (হ্যাপি) দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন।
এছাড়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্ববায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ ৯০ ভোট ও স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ৮৭ ভোট পেয়ে চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত হন।
নির্বাচন শেষের ৩০ মিনিটের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন। তিনি ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোট পান। তার প্রতিপক্ষ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন পাঁচ ভোট। এর আগে বার্ষিক কংগ্রেসের শুরুতে ইমরুল হাসানকে বিনা ভোটে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। এখন নির্বাহী সদস্য পদে ভোট গননা চলছে। ১৫টি পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াইয়ে ছিলেন।