ভারতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না

ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সঞ্জীব খান্না। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী ১১ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হবেন সঞ্জীব খান্না।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেগওয়াল মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই ঘোষণা দিয়েছেন।

সঞ্জীব খান্না ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। তবে ওই সময় তার এই নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কারণ ৩৩ জন জ্যেষ্ঠ ও বিজ্ঞ বিচারপতিকে টপকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ১৯৬০ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন বিচারপতি সঞ্জীব খান্না। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে দিল্লি বার কাউন্সিলে ক্যারিয়ার শুরু করেন সঞ্জীব খান্না। এরপর তিনি চলে যান দিল্লি হাইকোর্ট ও ট্রাইব্যুনালে।