মালয়েশিয়ায় বাথরুমের জানালা দিয়ে পালানোর সময় আটকা পড়েছে এক বাংলাদেশি। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তেরেঙ্গানু প্রদেশে মারাং ও কুয়ালা নেরাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ফাঁকি দিতে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করে ৪০ বছর বয়সী ওই বাংলাদেশি। এসময় তিনি সেখানেই আটকার পড়েন। পরে তেরেঙ্গানু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জানালা থেকে উদ্ধার করে।
তেরেঙ্গানু ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) মাত আমিন হাসান বলেন, অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চলছে। জাতীয় নিরাপত্তা পরিষদ ও ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সহায়তায় এ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে অবৈধ অভিবাসীরা জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করে। কিন্তু বের হওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আটকা পড়ে বলে জানান তিনি।
মাত আমিন হাসান বলেন, ২১৮ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে। অনিবন্ধিত অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগ পাওয়া গেলে অভিবাসন বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।