দক্ষিণী সুন্দরী আসিন থোট্টুমকল, যিনি ‘গজনী’ ও ‘রেডি’র মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। বলিউডে ব্লকবাস্টার অভিষেক এবং নামী অভিনেতা ও পরিচালকদের সঙ্গে কাজ করা সত্ত্বেও ইন্ডাস্ট্রি ছেড়ে পারিবারিক জীবনে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল অভিনেত্রী তার ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিন উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে ‘রেডি’ সিনেমার সহ-অভিনেতা সালমান খানের প্রসঙ্গ। ‘রেডি’ ছাড়াও তিনি বলিউড সুলতান সালমান খানের সঙ্গে ‘লন্ডন ড্রিমস’ সিনেমায় কাজ করেছেন।
লন্ডন ড্রিমস ও রেডির অভিজ্ঞতা জানাতে গিয়ে সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন এ দক্ষিণী সুন্দরী। শুটিং করতে গিয়ে সালমান খানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন কি না জানতে চাইলে অসিন থোট্টুমকল বলেন, ‘তিনি খুবই আকর্ষণীয়; তবে আমি তাকে সেভাবে দেখিনি। আমার কাছে তিনি এমন একজন যাকে আমি খুব শ্রদ্ধার চোখে দেখি।’
বলিউডের বড় তারকাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে আসিন একটি ঘটনার কথা স্মরণ করে জানান, ‘দাবাং’ অভিনেতা ‘রেডি’র শুটিংয়ে একদিন তাকে পোকা খেতে বাধ্য করেছিলেন। অভিনেত্রী বলেন, ‘সালমান এবং অন্য ক্রুরা ব্যাংককের নিকটবর্তী জঙ্গল থেকে পোকা সংগ্রহ করেছিলেন। সেখানকার বাসিন্দারা এসব পোকামাকড় খায়।’ ‘সালমান সেটি হাতে নিয়ে আমাকে খেতে বললেন। আর আমি চ্যালেঞ্জ নিতে পিছপা হওয়ার লোক নই। আমি বরং গিলে খেয়েছি’ বলেন এ দক্ষিণী অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘সালমান ভেবেছিল আমি চিৎকার করব, ছুড়ে ফেলব বা ভয় পেয়ে যাব। কিন্তু আমি তা করিনি, বরং খেয়েছি।’
আসিন প্রথমে মালয়ালম পরে তেলুগু চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০০৮ সালে আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’ দিয়ে বলিউডে পা রাখেন আসিন, সিনেমাটি বক্স অফিস ও দর্শকদের মধ্যে প্রচুর সাড়া ফেলে, যা ভারতে প্রথমবার ১০০ কোটি আয়ের রেকর্ড গড়ে।