গোপালগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকা, ৪ লাখ আসল টাকা, একটি প্রাইভেটকারসহ দুজনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো গোপালগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের হাবিবুর রহমান (৪০) এবং একই গ্রামের ফকিরকান্দি এলাকার রিপন শেখ বাটু (৩৭)। এর মধ্যে হাবিবুর ব্যাংকের বুথ থেকে টাকা লুটের মামলার আসামি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, গত শুক্রবার রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেস ক্লাব-সংলগ্ন গোপালগঞ্জ টেলিকমের সামনে হাবিবুর রহমান ও রিপন শেখ বাটুকে আটক করে জনতা।

পরে পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, মো. হাবিবুর রহমান ২০২৩ সালে তুরাগ থানা এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বুথ ভেঙে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি। এ ছাড়া গ্রেপ্তারদের নামে তুরাগ ও গোপালগঞ্জ সদর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।