এল ক্লাসিকোয় ‘অভিষেক’ গোলের পর রোনালদোকে স্মরণ ইয়ামালের

এল ক্লাসিকোতে যেন স্বপ্নের রাত কাটিয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে তাদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচের ৭৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে গোল করেন লামিনে ইয়ামাল। লা লিগার চলতি মৌসুমে এটা তার পঞ্চম গোল। এল ক্লাসিকোতে আবার এটিই ইয়ামালের প্রথম গোল।

সবমিলিয়ে ১৪ ম্যাচে ৬ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। এই গোলে নতুন এক কীর্তিও গড়লেন স্প্যানিশ উইঙ্গার।

ইয়ামালই এখন এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা। শনিবার রাতে গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি দখলে ছিল বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর। এল ক্লাসিকোয় নিজের প্রথম গোল করার সময় নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন।

ইয়ামাল শুধু গোল রেকর্ড গড়েই নয়, আলোচনায় এসেছেন উদ্‌যাপনের কারণেও। গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদ্‌যাপন (এই উদ্‌যাপনের অর্থ হচ্ছে শান্ত থাকো, আমি আছি) ফিরিয়ে এনেছেন ইয়ামাল। সাধারণত এই উদযাপনে এক হাত দিয়ে শান্ত থাকার ইশারা করে নিজের উপস্থিতি জানান দিতে দেখা যায় রোনালদোকে।

এরপর একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে এই উদ্‌যাপন শেষ করেন ‘সিআর সেভেন’। বার্নাব্যুর দর্শকদের কাছে এই উদ্‌যাপনের সমার্থক হচ্ছেন রোনালদো। ফলে বার্সা উইঙ্গার ইয়ামালের এমন উদযাপন যেন বার্নাব্যুতে থাকা রিয়াল সমর্থকদের জন্য ছিল কাঁটা ঘায়ে নুনের ছিটা। 

এই উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ইয়ামাল। ক্যাপশনে লিখেছেন, ‘কালমা, অভিযান সম্পন্ন।’ এর আগে ম্যাচ জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে ইয়ামাল বলেছিলেন, ‘আমি বলতে চাই, বার্সা দীর্ঘজীবী হও। চলো এগিয়ে যাই এবং লা লিগা জিতি। আমরা এটার জন্যই ঝাঁপিয়ে পড়ব।’