ভারতে বিমানের পর এবার ২৩ হোটেলে বোমা হামলার হুমকি

গেলো সপ্তাহে ভারতে একের পর এক ফ্লাইটে বোমা হামলার হুমকিতে আতঙ্ক দেখা দেয় দেশটির বিমান খাতে। পর পর কয়েকদিনে ইন্ডিগো, ভিস্তারা, এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার শতাধিক হুমকি দেওয়া হয়। ফলে প্রবল আতংক ছড়ায় যাত্রীদের মধ্যেও।

বিমানের পর এবার ভারতের তিন রাজ্যের প্রায় ২৩টি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কলকাতা, তিরুপতি এবং রাজকোট জুড়ে প্রায় ডজনখানেক হোটেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব হোটেলের বেশিরভাগই তারকা হোটেল।

এনডিটিভি জানায়, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একের পর এক হোটেলে বোমাতঙ্ক দেখা দিয়েছে। রাজ্যটির রাজকোট শহরের কমপক্ষে ১০টি হোটেল বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে, এমনই হুমকি দিয়ে হোটেল কর্তৃপক্ষকে ইমেইল পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হুমকির পরপরই হোটেলগুলোতে তল্লাশি শুরু করে পুলিশ। তবে তল্লাশি অভিযানের পরে এসব হুমকি ভুয়া বলে প্রমাণিত হয়।

এছাড়া কলকাতা এবং অন্ধ্রপ্রদেশের তিরুপতিতেও একাধিক হোটেলে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়েছে। মেইলে পাঠানো হুমকিতে জানানো হয়েছিল, হোটেলে বিস্ফোরক রেখেছে আইএসআই। নির্দিষ্ট সময়ের মধ্যে হোটেল খালি করার নির্দেশ দেয়াও হয়েছিল। যদিও সেখানেও কিছু মেলেনি তল্লাশিতে।

এদিকে হোটেলে হোটেলে বোমা হামলার হুমকিতে পুলিশের একাধিক দল তৈরি করে সব হোটেলের কক্ষ, পার্কিং, লবিসহ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালানো হয়। বোম্ব স্কোয়াডের পাশাপাশি তল্লাশিতে ছিল স্নিফার ডগও। হোটেলগুলোতে হুমকি-বার্তা আসায় শহরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি তল্লাশি থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিগত কয়েক সপ্তাহ ধরে বিমানে বোমা থাকার ভুল খবর ছড়ানো হচ্ছিল। সেই ঘটনা নিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনা রোধে কড়া ব্যবস্থাও নেয়। এবার একের পর এক বিলাসবহুল হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছে।