সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ১২৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ অক্টোবর) আলজাজিরা রাজ্যের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় অ্যাক্টিভিস্টদের বরাত দিয়ে সিএনএন শনিবার (২৬ অক্টোব) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ১৮ মাসের যুদ্ধে এটি সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি।
ওয়াদ মাদানি রেজিস্ট্যান্স কমিটি জানিয়েছে, রাজ্যের উত্তরে আল-সিরেহা গ্রামে সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওগুলোতে শতাধিক মৃতদেহ ও গণকবর খননের দৃশ্য দেখা গেছে।
এ হামলার বিষয়ে সেনাবাহিনী ও আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এক বিবৃতিতে আরএসএফ দাবি করেছিল, সেনাবাহিনী জাজিরা অঞ্চলে বেসামরিক নাগরিকদের অস্ত্র দিচ্ছে, যার প্রতিক্রিয়ায় তারা হামলা চালাতে পারে।
সেনাবাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে আরএসএফ সুদানের অনেক অংশ দখল করে নিয়েছে। জাতিসংঘের মতে, এ যুদ্ধ বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকট সৃষ্টি করেছে। এই যুদ্ধ এক কোটি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত করেছে, দেশের অনেক অংশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং উভয় পক্ষকে সহায়তা দেওয়া বিভিন্ন বিদেশি শক্তি এতে জড়িয়েছে।