নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি, সমালোচনার ঝড়

সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী মাসুদ কিবরিয়াকে সভাপতি ও পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে কমিটির দপ্তর সম্পাদক মুন হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়। এদিকে সাবেক এক ছাত্রলীগ কর্মী কমিটিতে শীর্ষ পদ পাওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ক্ষোভ প্রকাশ করে সমালোচনা করেছেন।

নবগঠিত কমিটির সভাপতি মাসুদ কিবরিয়া বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি প্রথম বর্ষে থাকাকালীন সদ্য নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কমিটির সাধারণ সম্পাদক পরমা মোস্তফা বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া কমিটির সহকারী সাধারণ সম্পাদক মুক্তাদির করিম কুয়াশার বিরুদ্ধেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।

এদিকে ছাত্র ইউনিয়নের নতুন এই কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করছেন নেটিজেনরা। কমিটির সংবাদ বিজ্ঞপ্তিটি শেয়ার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক মেহেদী হাসান মুন্না লিখেছেন, ‘রাবিতে নকল ছাত্র ইউনিয়নের আত্মপ্রকাশ। সিপিবিকে অতিক্রম করে আওয়ামী লীগ বাদ দিয়ে ছাত্রলীগ হওয়ার চেষ্টায় কোনও কমতি নাই।’

রাকিব হোসেন নামের একজন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠনের ব্যানারে এসব ছাত্রলীগ কর্মীর প্রত্যাবর্তন তীব্রভাবে নিন্দা জানাচ্ছি।’

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে মাসুদ কিবরিয়া বলেন, ‘প্রথম বর্ষে  হলে সিটের জন্য আমি কিছুদিন ছাত্রলীগের প্রোগ্রামে গিয়েছি। পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেলে তারা আমাকে হল থেকে বের করে দেয়। তাছাড়া ছাত্রলীগের রাজনৈতিক মতাদর্শ আমার কখনোই পছন্দ ছিল না।’

এ বিষয়ে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা যাচাই-বাছাই করেছি কিন্তু তাদের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্তা পাইনি। তারা আমাদের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছে। এজন্যই আমরা তাদেরকে কমিটিতে রেখেছি। আমরা সবার কাছে দায়বদ্ধ, আমরা দায়বদ্ধতার রাজনীতি করি। তাদের সঙ্গে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল ৪ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ৩২ তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক তাওফিক ইসলাম, কোষাধ্যক্ষ মেহের, দপ্তর সম্পাদক মুন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লাবিব হক।


কমিটিতে সদস্য হিসেবে আছেন শাকিলা খাতুন, মিনহাজ হাবিব ও গোলাম মোস্তফা। এ ছাড়া ৪ টি সদস্যপদ খালি রাখা হয়েছে। পরবর্তীতে কাজের মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সদস্য পদ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।