রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশা আরোহী এক ব্যাংক কর্মকর্তা ও রিকশাচালক নিহত হয়েছেন। এসবিএসি ব্যাংকের প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন নিহত দিদার এলাহী (৩৪)। তবে রিকশাচালকের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
আজ রবিবার সকাল ৬টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধারের পর আইনি পক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, একটি রিকশাযোগে ব্যাংকার এলাহী মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলে তারা দুজন মারা যান।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, নিহত রিকশাচালকের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। ঘটনার পর কাভার্ডভ্যানটি রেখে এর চালক পালিয়ে গেছে।