বাবর ফিরছেন, ফখর বাদ চুক্তি থেকেই, রিজওয়ান অধিনায়ক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে বাদ পড়া বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দুই সফরেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। দুই ফরম্যাটের জন্য অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। 

তবে জিম্বাবুয়ে সফরের দল থেকে আবার দেওয়া হয়েছে বিশ্রাম। অস্ট্রেলিয়ায় দুই সংস্করণে আর জিম্বাবুয়ে সফরে শুধু ওয়ানডে দলে রাখা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। ফখর জামান কোনো সফরের দলেই সুযোগ পাননি এবং কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, তারা অদলবদল নীতি অনুসরণ করে ঘরোয়া পারফরমারদের সুযোগ দিচ্ছে। ওয়ানডে দলে সুযোগ পাওয়া আমির জামাল, আরাফাত মিনহাস, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মোহাম্মদ ইরফান খান ও সাইম আইয়ুবদের কেউই এখনো পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলার সুযোগ পাননি। প্রথমবার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন টেস্টে পাকিস্তানের নিয়মিত পারফরমার সালমান আগা।

ওয়ানডে দলে ফিরেছেন পেসার মোহাম্মদ হাসনাইন। সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার। এই দুই সফরে কোনো দলেই নেই মোহাম্মদ আমির।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু ৪ নভেম্বর, শেষ ১৮ নভেম্বর। জিম্বাবুয়ে সিরিজ শুরু ২৪ নভেম্বর, শেষ ৫ ডিসেম্বর।

এই দুই ফরম্যাটে পাকিস্তানের আগের অধিনায়ক ছিলেন বাবর আজম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাবর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। প্রায় এক বছর পর আবার ওয়ানডে খেলতে যাচ্ছে পাকিস্তান। আর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। সেখানেই অধিনায়ক ছিলেন বাবর আজম।