পাকিস্তানের ক্রিকেটে উদ্ভট কর্মকাণ্ড নতুন কিছু নয়। সম্প্রতি ২০২৪-২৫ ক্রিকেট মৌসুমের জন্য খেলোয়াড়দের সঙ্গে বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ৪ ক্যাটাগরিতে ২৫ জন ক্রিকেটার চুক্তির আওতায় এসেছেন। মজার বিষয় হলো, টেস্ট অধিনায়ক শান মাসুদ পড়ে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে!
পিসিবির কেন্দ্রীয় চুক্তি চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। কিন্তু শান মাসুদের ‘এ’ ক্যাটাগরিতে জায়গা হয়নি। অবশ্য আগের চুক্তিতেও তিনি 'বি' ক্যাটাগরিতেই ছিলেন। এর মানে, বাবর-রিজওয়ান তার চেয়ে বেশি বেতন পাবেন। ‘বি’ ক্যাটাগরিতে মাসুদের সঙ্গে আছেন দুই পেসার নাসিম শাহ আর শাহিন শাহ আফ্রিদি।
‘সি’ ক্যাটাগরিতে আছেন আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলী, সায়েম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাদাব খান। প্রথমবারের মতো পিসিবির বার্ষিক চুক্তিতে যুক্ত হওয়া খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান আছেন ‘ডি; ক্যাটাগরিতে।
পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা:
ক্যাটাগরি ‘এ’: বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
ক্যাটাগরি ‘বি’: নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও শান মাসুদ।
ক্যাটাগরি ‘সি’: আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলী, সায়েম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাদাব খান।
ক্যাটাগরি ‘ডি’: আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান খান।