চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন

চাঁদপুর ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। 

জানা গেছে, জাহাজের ইঞ্জিনকক্ষে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লেগেছে। 

আহতরা হলেন— রুবেল (৩০), জিলানি (৩৫), মাসুদ (৩৭), গিয়াস (২৯), মধু (৫০) এবং গোলাপ (৫০)।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৪টার দিকে পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জন আহত হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।