কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত ১০০ দিনের বিশেষ কর্মসূচি উপলক্ষ্যে ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং ২য় কর্মকর্তাগণের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ব্র্যাক লার্নিং সেন্টার, শম্ভুগঞ্জ, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব জনাব ড. এ এফ এম মতিউর রহমান। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে উত্তম গ্রাহক সেবা প্রদান এবং সেই সাথে চলমান কর্মসূচিতে সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ তার বক্তব্যে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান এবং তৃতীয় লিঙ্গ বিশেষ করে হিজড়া সম্প্রদায়কে কর্মসংস্থান ব্যাংক অর্থায়ন করছে যা প্রশংসনীয় উল্লেখ করেন। এ ছাড়া তিনি গ্রাহক সেবা উন্নয়ন ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে উন্নত গ্রাহক সেবা, ডিজিটাইলেজেশন, ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানান। এ ছাড়া তিনি দেশের হারিয়ে যাওয়া ও লুপ্তপ্রায় এবং ঐতিহ্য সম্বলিত খাতগুলোতে ঋণ প্রদান করে নতুন উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।