ইসরায়েলের ভুল ধারণা ঠিক করে দিতে হবে: খামেনি

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের হামলা হালকাভাবে নেওয়া ঠিক হবে না। আবার অতিরঞ্জিতও করা যাবে না। রবিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিমান হামলা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন খামেনি। তিনি বলেন, ইরানকে নিয়ে ইসরায়েল ‘ভুল ধারণা’ করেছে, তেহরানকে তা ঠিক করে দিতে হবে।

তিনি বলেন, তারা (ইসরায়েল) ইরানকে চেনে না। এখনো সঠিকভাবে ইরানের সক্ষমতা, ইচ্ছাশক্তি বুঝতে পারেনি। আমাদের তা বোঝাতে হবে।

এর আগে শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানী তেহরানসহ ইরানের তিনটি স্থানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের একাধিক সামরিক ও মিসাইল ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল তারা। ইরানি কর্মকর্তারা যদিও বলছেন ইসরায়েলের হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।