অভিষেক হয়েছিল চলচ্চিত্রে, এরপর চলচ্চিত্রে তেমন একটা দেখাই যায় না ফারিন খানকে। ছোট পর্দা ও ওটিটির কাজে দেখা মিলছে। তাহলে কি চলচ্চিত্র ছেড়ে ছোট পর্দাতে ঠাঁই নিলেন ‘ধ্যাৎতেরিকা’ নায়িকা? মোটেও এমন কথার সঙ্গে একমত হলেন না ফারিন। বললেন, ‘আমি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি কে বলল, আমার তো ৪-৫টা চলচ্চিত্রের শুটিং, ডাবিং সম্পন্ন। সেসব এখন মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্রের সঙ্গে কোনো না কোনোভাবে তো সম্পৃক্তই আছি।’
ওটিটি কন্টেন্ট করছেন। আর এটা যে অন্যতম মাধ্যম সে বিষয়ে ফারিনের দ্বিমত নেই। বললেন, ‘হ্যাঁ আমি ওটিটিতে কাজ করছি। কদিন আগেই চরকিতে আমার বিলা নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেল। সেটা বেশ ভালো সাড়া পেলাম। এছাড়াও দীপ্ত প্লেতে ত্রিভুজ নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেলে। সেটাও মানুষজন দেখেছে, ভালো সাড়া পাওয়া গেছে। আমি আসলে সব মাধ্যমেই কাজ করছি।’
বাংলাদেশে থ্রিলার গল্পের বাইরে তেমন একটা ওটিটির কাজ দেখা যায় না। এ বিষয়ে ফারিনের মত জানতে চাওয়া হয়েছিল। তিনি বললেন, ‘এদেশের মানুষ আসলে থ্রিলটা চায়, তাই থ্রিলার গল্প পছন্দ করে। তবে থ্রিলার গল্পের বাইরে যে কাজ হচ্ছে না তা নয় কিন্তু। হচ্ছে। আমি লাস্ট যে কাজ করেছি ত্রিভুজ তা কিন্তু থ্রিলার গল্পের বাইরে। প্রত্যেক নির্মাতা, শিল্পীরা তো দর্শকের কথা চিন্তা করেই কাজ করেন, সে জায়গা থেকে দেখা গেছে দেশের মানুষ থ্রিলার গল্পটাই চাচ্ছে।’
এই মাধ্যম ছাড়াও ফারিন টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের কাজেও ব্যস্ত সময় পার করছেন। বললেন, ‘আমি বেশ কিছু টেলিভিশন নাটকে কাজ করলাম, এছাড়াও কিছু বিজ্ঞাপনে কাজ শেষ করেছি। একটা ব্র্যান্ডের সঙ্গে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি।’ ফারিন কাজ করেছিলেন কাজল আরেফিন অমির জনপ্রিয় নাটক ফিমেল-এর একটি পর্বে।
শোনা যাচ্ছে এই অভিনেত্রী আসন্ন ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনে অভিনয় করতে যাচ্ছেন, তবে এটা সম্পর্কে তিনি নাকি কিছুই জানেন না। বললেন, ‘আমি এ বিষয়ে তেমন কিছুই জানি না, আমি শুনিনি। তবে অমি ভাই যদি ব্যাচেলর পয়েন্ট নতুন করে শুরু করেন, আর তাতে যদি আমাকে রাখেন তাহলে ভালোই হবে। অমি ভাইয়ের যদি এমন প্ল্যান থাকে তাহলে আমাকে দেখা যাবে, আর যদি না থাকে তাহলে দেখা যাবে না।’
ফারিন প্রেম করছেন কিংবা সম্পর্কে জড়িয়েছেন, এমন খবর মাঝেমধ্যে শোনা যায়। তবে এ বিষয়ে ফারিনের বক্তব্য সোজাসাপ্টা। ফারিন বলছেন, আসলে কার সঙ্গে আমি সম্পর্কে জড়িয়েছি কিংবা কার সঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি আমি জানি না। আমি জানতে পারলেই জানাব...’