দিনকয়েক পরই দীপাবলিতে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের ‘ভুল ভুলাইয়া থ্রি’। ইতিমধ্যে প্রকাশিত ট্রেলারে ভক্তদের নজর কেড়েছে সিনেমার শিল্পীরা। এ সিনেমার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এতে অভিনয় করতে গিয়ে কী আকর্ষণ করেছিল তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
আনিস বাজমির পরিচালনায় ‘ভুল ভুলাইয়া’ জগতে অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত মাধুরী। তিনি বলেন, ‘এটা আমার জন্য একেবারেই ভিন্ন একটি চরিত্র। এর আগে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করিনি।
অভিনেত্রী বলেন, সিনেমাটি নিজেকে নতুনভাবে খোঁজার পথ করে দিয়েছে, যাতে রোমাঞ্চ ও উত্তেজনা দুটিই ছিল। পরিচালক আনিস বাজমির বিষয়ে তিনি বলেন, ‘আনিসের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। কার্তিক, বিদ্যা এবং অন্যদের সঙ্গে কাজ করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।
স্ক্রিপ্টের কোন বিষয়টি তাকে ভুল ভুলাইয়াতে কাজ করতে উদ্বুদ্ধ করেছিল এমন প্রশ্নে মাধুরী বলেন, ‘সিনেমাটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন এটি বিশেষ। ‘ভুল ভুলাইয়া’ ও ‘ভুল ভুলাইয়া ২’ আমার পছন্দ হয়েছিল এবং উপভোগ করেছি। যখন পরিচালক আমার কাছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ নিয়ে তার ভাবনার কথা জানালেন তা আমাকে আকর্ষণ করে। সে কারণেই আমি এটি করতে রাজি হয়েছি।’
নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে গিয়ে মাধুরী বলেন, সেরা পরিচালকদের সঙ্গে এবং দুর্দান্ত চিত্রনাট্যে কাজ করার সুযোগ হয়েছিল। সে সময় অনেকে বলেছিল বাণিজ্যিকভাবে এমন সিনেমা বানানো যায় না। কিন্তু আমি সেই পদক্ষেপ নিয়েছি।’ দীপাবলিতে ভুল ভুলাইয়া থ্রি দর্শকদের অনেক বিনোদন দেবে বলে মনে করেন এ অভিনেত্রী।
এদিকে আগামী ১ নভেম্বর দীপাবলিতে বড়পর্দায় একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ‘সিংহম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’। ধারণা করা হচ্ছে বক্স অফিসে রোহিত শেঠির ‘সিংহম এগেইন’-এর কারণে বক্স অফিসে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে সিনেমাটি।