তিন বছর আগে নির্মিত ‘মেকআপ’ সিনেমাটি নিয়ে আবারও বিপত্তিতে অনন্য মামুন। সিনেমাটিকে আবারও প্রদর্শনী অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে দেখা যায়, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্র্তৃক এটি নাকচ করা হয়েছে।
এর ফলে, এখন থেকে মেকআপ চলচ্চিত্রটি সার্টিফিকেটহীন চলচ্চিত্র হওয়ায় সারা দেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইনানুগ ব্যবস্থাও।
এর আগে সিনেমাটিতে এ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ তুলে ২০২১ সালে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
‘মেকআপ’ ছবিটি নির্মিত হয়েছে চিত্রজগতের গল্প নিয়ে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান ও নিপা আহমেদ রিয়েলি।