হাসিনা গাজীকে খুঁজছে ডিবি

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলা। তার কাছে রয়েছে একাধিক অবৈধ অস্ত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি অর্থের যোগান দিয়েছেন। গত জুলাই-আগস্টের আন্দোলনে তার হেফাজতে থাকা অস্ত্র ব্যবহৃত হয়েছে ছাত্র-জনতার বিপক্ষে। এসব অভিযোগে রবিবার দিবাগত গভীর রাতে তার সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান চালিয়েছে ডিবি। তবে তাকে সেই বাসায় পাওয়া যায়নি। তার খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চলছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক রবিবার (২৭ অক্টোবর) রাতে এসব তথ্য জানিয়েছেন।
 
ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিনের মধ্যে গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে। তার স্ত্রী হাসিনা গাজী আত্মগোপনে আছেন। দুই ছেলে আছেন বিদেশে। অর্থ পাচার এবং দুর্নীতির নানা অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।