থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আটকে দেওয়া হয়েছে। গত শনিবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর আর তাকে উড়োজাহাজে চড়তে দেওয়া হয়নি।
গতকাল রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য একাধিকবার সাবেক এ পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
সূত্র জানায়, গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তার সফরটি ছিল ব্যক্তিগত। তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশের বাইরে যেতে দেয়নি। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হবে নাকি বাড়ি ফিরে যাবেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন খন্দকার গোলাম ফারুক। ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ৩২ বছর ৮ মাসের কর্মযাত্রা শেষে তিনি অবসরে যান।