দুদকের মামলায় সাবেক এমপি বদি আদালতে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে তাকে আনা হয়। ওই মামলায় এদিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) চট্টগ্রাম বিভাগীয় মো. মফিজ উদ্দিন জানান, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ২০০৮ সালের দুদকের একটি মামলায় আজ আদালতে আনা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. রফিক জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে দুদক একটি মামলা দায়ের করে। আসামি তখন পৌরসভার দায়িত্বে ছিলেন। আজ ওই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য আছে। এই মামলায় দুদকের পক্ষে দুজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।