কক্সবাজারে ৪ বন্দুকসহ স্বামী-স্ত্রী আটক

কক্সবাজার শহরে দেশীয় তৈরি ৪টি বন্দুকসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের জেটিঘাট এর পল্টুন থেকে এসব উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরান পল্লন পাড়ার হাজী করিম উল্লাহ বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬)।

কক্সবাজার জেলা পুলিম সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে মহেশখালি থেকে সাগরপথে একদল পাচারকারী অস্ত্র নিয়ে কক্সবাজার আসছে। এমন তথ্যে জেটিঘাট পল্টুনে অবস্থান নেন পুলিশ। পরে মহেশখালী থেকে স্পিডবোটযোগে আসা স্বামী-স্ত্রীর সাথে থাকা কালো স্কুল ব্যাগ তল্লাশি করে চারটি দেশীয় তৈরী বিভিন্ন সাইজের এলজি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা অস্ত্রগুলো মহেশখালী থেকে ক্রয় করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।