খুলনা বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় মো. মুরাদ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খালিশপুরের বিআইডিসি রোডের চিত্রালী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ হোসেন খুলনা ২১ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) নায়েক পদে কর্মরত ছিলেন।তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায় বলে জানা গেছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিজিবি সদস্য মুরাদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা ২১ বিজিবির সদস্য (নম্বর- ৭৪৪৫৬) নায়েক মুরাদ হোসেন মোটরসাইকেলে খালিশপুরে বিআইডিসি রোড দিয়ে যাওয়ার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবি সদস্যের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ২১ বিজিবি খুলনা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।