৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী যাত্রাপালা

জুলাই বিপ্লব উত্তর সময়ের বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম স্থবিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যেই উৎসবে সমাজের সর্বস্তরের শিল্পমাধ্যমের সরব উপস্থিতি প্রয়োজন। ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১ থেকে ৭ নভেম্বর সাত দিনব্যাপী ঢাকার সোহরাওয়ার্দীর উদ্যানের ‘মুক্তমঞ্চ’ যাত্রা উৎসব আয়োজন করা হয়েছে। এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত সাতটি যাত্রা দল প্রতিদিন একটি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশিত হবে।

যাত্রা উৎসবের-২০২৪-এর উদ্বোধনী আয়োজন আগামী ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় হবে। এতে প্রধান অতিথি থাকবেন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি থাকবেন যাত্রাশিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য দেবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।

সাত দিনব্যাপী যাত্রাপালা পরিবেশনায় থাকছে :

১-১১-২৪, শুক্রবার, দলের নাম সুরুভী অপেরা, পালাকার : আগন্তক, পালার নাম নিহত গোলাপ; পালানির্দেশক কবির খান;

২-১১-২৪, শনিবার, দলের নাম নিউ শামীম নাট্য সংস্থা, পালাকার : প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য, পালার নাম আনার কলি; পালানির্দেশক শামীম খন্দকার;

৩-১১-২৪, রবিবার, দলের নাম বঙ্গবাণী অপেরা, পালাকার : রঞ্জন দেবনাথ, পালার নাম মেঘে ঢাকা তারা; পালানির্দেশক মানস কুমার;

৪-১১-২৪, সোমবার, দলের নাম নর-নারায়ণ অপেরা, পালাকার : দেবন্দ্রনাথ, পালার নাম লালন ফকির; পালানির্দেশক ব্রোজেন কুমার বিশ্বাস;

৫-১১-২৪, মঙ্গলবার, দলের নাম বন্ধু অপেরা, পালাকার : শামসুল হক, পালার নাম আপন দুলাল; পালানির্দেশক মনির হোসেন;

৬-১১-২৪, বুধবার, দলের নাম শারমিন অপেরা, পালাকার : পুর্নেন্দু রায়, পালার নাম ফুলন দেবী; পালানির্দেশক শেখ রফিকুল;

৭-১১-২৪, বৃহস্পতিবার, দলের নাম যাত্রাবন্ধু অপেরা, পালাকার : শ্রী শচীননাথ সেন, পালার নাম নবাব সিরাজউদ্দৌলা; পালানির্দেশক আবুল হাশেম।

৭ দিনব্যাপী এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।