তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করতে নির্দেশনা

দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। তাই আসন্ন শীত মৌসুমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়সহ আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার যথাসম্ভব পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার এই নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। একই সঙ্গে যিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে অর্থাৎ নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নির্দেশনাটি কার্যকর থাকবে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন উপদেষ্টা ফাওজুল কবীর খান।