কারাগারে লরেন্স বিষ্ণোইকে হত্যায় কোটি টাকা পুরস্কার ঘোষণা

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খুন করতে পারলে কোটি টাকার পুরস্কারের ঘোষণা করলেন ক্ষত্রিয় করণী সেনার প্রধান রাজ শেখাওয়াত।  এর আগে করণী সেনা জানিয়েছিল, যে পুলিশ কর্মকর্তারা বিষ্ণোইকে হত্যা করতে পারবেন, তাদের ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকা দেওয়া হবে। এ বার একই পুরষ্কারমূল্য ঘোষণা করা হল জেলের বন্দিদের জন্যও।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে রাজ শেখাওয়াতকে বলতে দেখা যায়, ‘আমি যে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকার পুরষ্কার ঘোষণা করেছিলাম, তা ছিল পুলিশ কর্মকর্তাদের জন্য। যারা বিষ্ণোইকে এনকাউন্টারে হত্যা করতে পারবেন। এ বার আমাদের ঘোষণা, যদি সবরমতী কারাগারের কোনো বন্দি বিষ্ণোইকে খুন করতে পারে তাকেও একই পরিমাণ পুরস্কার দেওয়া হবে।’

বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতী জেলে বন্দি। ২০২৪ সালের এপ্রিলে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যা এবং তার বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগে তার নাম রয়েছে এবং এনসিপি নেতা বাবা সিদ্দিক হত্যার সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। গ্যাংস্টার বর্তমানে সীমান্ত পাচারের মামলায় কারাগারে রয়েছেন।