আমি জীবনে কোনো আফসোস রাখতে চাই না: পরীমণি 

‘নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না।’— এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন চিত্রনায়িকা পরীমণি।

পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে হইচইয়ের পক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানেই উপস্থিত ছিলেন পরিমণি, পরিচালক অনম বিশ্বাসসহ আরও অনেকে। 

এসময় পরী আরও বলেন, ‘নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই।’

সিরিজটিতে পরীমণিকে দেখা যাবে একজন মায়ের চরিত্রে যার নাম সুপ্তি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি।

সিরিজটি প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি ছাড়া সুপ্তি চরিত্রটি হতো না। সুপ্তিকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা, আকাঙ্ক্ষা থেকে যেত যে আমি সুপ্তি চরিত্রটি করতে পারিনি। আমি জীবনে কোনো আফসোস রাখতে চাই না। তাই চরিত্রটি করে ফেলেছি।’

সিরিজটিতে পরীমণির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন  মোস্তাফিজুর নুর ইমরান। আগামী ৮ নভেম্বর ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে এটি।